রাশিয়া আনলো ‘গিগাচ্যাট’

২৬ এপ্রিল, ২০২৩ ১৩:১৯  

প্রতিযোগিতার উত্তাপ বুঝতে পেরে “GPT" ট্রেডমার্ক করার প্রক্রিয়াটি দ্রুত করার জন্য মার্কিন পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিসে আবেদন করেছিলো ওপেন এ আই। কিন্তু গত সপ্তাহে সেই আবেদন প্রত্যাখ্যান করেছে ইউএসপিটিও।

এমন পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়া চ্যাটজিপিটি’র প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রকাশ করেছে ‘গিগাচ্যাট’ এআই।

দেশটির রাষ্ট্রিয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান এসবার ব্যাংক-এর একজন কর্মকর্তা সোমবার চীনের গেজেট রিভিউ অনলাইন গিজ চায়না-কে জানিয়েছেন, গিগাচ্যাট’টি এখন এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে শুধু মাত্র ইনভাইট অনলি মোডে ব্যবহার করা যাচ্ছে।

তিনি আরো জানিয়েছেন, রাশিয়ান ভাষায় আরো বুদ্ধিমত্তার সঙ্গে আলাপনের জন্য গিগাচ্যাটকে অন্যান্য গ্লোবাল নিউরাল নেটওয়ার্ক থেকে অনন্য করে তৈরি করা হয়েছে।

“যেহেতু পশ্চিমা দেশগুলি ইউক্রেনে মস্কোর কার্যকলাপের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়াতে তাদের রপ্তানি কমিয়েছে, তাই রাশিয়ার নেতৃস্থানীয় ব্যাংক আমদানির উপর দেশের নির্ভরতা কমানোর প্রয়াসে প্রযুক্তিতে বড় বিনিয়োগ করেছে। আর গিগাচ্যাট প্রযুক্তিতে বিনিয়োগ তারই একটি-প্রতিফলন”- যোগ করেন তিনি।